যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরা পার্সন শাহীন আলমের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।

আজ ৮ নভেম্বর একটি যুক্ত বিবৃতিতে বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এ দাবী জানান।

রবিবার চকবাজারে অবৈধ পলিথিন কারখানার বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে হামলার শিকার হন শাকিল হাসান ও শাহীন আলম। এ সময় শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক নেতারা বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরণের সন্ত্রাসী হামলার ঘটনা প্রমাণ করে সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতি কতটা নাজুক পর্যায়ে পৌঁছেছে।

সাম্প্রতিক বছরগুলোতে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় বিচার না হওয়ার কারণে সন্ত্রাসীরা আস্কারা পেয়ে গেছে বলে উল্লেখ করে নেতৃব্ন্দৃ বলেন, অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে। একই সঙ্গে এ ধরণের ঘটার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এআই