মাদারীপুর জেলা বিএনপির যৌথ কর্মীসভা পুলিশের লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে। এসময় পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এতে ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। আটক করা হয়েছে ১৪ জনকে।
এ কর্মীসভা উপলক্ষে এ সময় বিএনপির কেন্দীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, সাবেক এমপি হেলেন জেরিন খান, জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক জাহানদার আলী জাহানসহ সিনিয়র নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির সকল অঙ্গসংগঠন নিয়ে এক যৌথ কর্মীসভার আয়োজন করে জেলা বিএনপি। সেই অনুযায়ী গত মঙ্গলবার জেলা পুলিশের কাছে বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হলে পুলিশ অনুমতি দেয়নি।
কিন্তু তার পরও আজ সকালে কর্মীসভার জন্য দলীয় লোকজন চরমুগয়িরা এলাকায় জড়ো হলে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে তা পণ্ড করে দেয়।
এ সময় বিএনপির ৬ কর্মী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ আটক করেছে ১৪ নেতাকর্মীকে।
কর্মীসভায় পুলিশের লাঠিচার্জ এবং ফাঁকা গুলির ঘটনা পরিকল্পিত বলে ক্ষোভ জানিয়েছেন জেলা বিএনপির নেতারা।
পুলিশের দাবি, কর্মীসভার কারণে জন ভোগান্তির কথা চিন্তা করে লাঠিচার্জ করা হয়েছে।
জারিফ





