মূল্য সংযোজন কর (মূসক) কমানোর দাবিতে আগামী বুধবার ঢাকায় সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। গতকাল রবিবার মতিঝিলের এফবিসিসিআই ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা দিয়েছে ব্যবসায়ী ঐক্য ফোরাম।

সমাবেশে আগামী বুধবার (২ নভেম্বর) ঢাকা মহানগরের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সংগঠনটি। গতকাল ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন মার্কেটের দোকান মালিক সমিতি।

প্যাকেজ ভ্যাট পুনর্বহাল এবং বিভিন্ন পর্যায়ে ভ্যাট কর্মকর্তাদের হয়রানি বন্ধের দাবিতে এ প্রতিবাদ সমাবেশ করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব বলেন, দেশে বিদেশি পণ্যে সয়লাব হয়ে গেছে। তার উপর আবার অধিক হারে ট্যাক্স আরোপ করা হচ্ছে। এতে করে দেশীয় ক্ষুদ্র শিল্প হুমকির মুখে পড়েছে।

তাই আগের মত প্যাকেজ ভ্যাট পুনর্বহালের দাবি জানান তিনি। তিনি বলেন, আগামী ২০ নভেম্বরের মধ্যে সরকার দাবি পূরণ না করলে লাগাতার ধর্মঘট পালন করা হবে।

ব্যবসায়ী ঐক্য ফোরামের সহ-সভাপতি আলাউদ্দিন বলেন, ভ্যাট আদায়ের নামে আমাদেরকে হয়রানি করা হচ্ছে।

ফোরামের সভাপতি আবদুস সালাম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, পরিচালক হেলাল উদ্দিনসহ কয়েকজন পরিচালক সমাবেশে বক্তব্য দেন।


এমএনজে