চুয়াডাঙ্গা সদর উপজেলায় রিপন সরকার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩ নারীকে আটক করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার খাসপাড়া গ্রামের একটি ডোবা থেকে পুলিশ রিপনের লাশ উদ্ধার করে।রিপন সরকার (৩০) খাসপাড়া গ্রামের লতিফ সরকারের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, রোববার রাত ৯টার দিকে গ্রামের একটি চায়ের দোকান থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন রিপন। কিন্তু, রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
রিপনের বাবা লতিফ সরকার জানান, রাতে বাড়ি না ফেরায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়। কিন্তু, রিপনকে কোথাও পাওয়া যায়নি।
স্থানীয় তিতুদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ লিটন গাজী জানান, কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে সোমবার সকালে গ্রামের একটি ডোবার মধ্যে রিপনের লাশ পড়ে থাকতে দেখে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, নারীঘটিত কারণে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা তথ্য পেয়েছি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ নারীকে আটক করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এমবি





