আজ ১৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৭তম জন্মদিন।
১৯৫৫ সালের আজকের এই দিনে (১৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
শেখ রেহানা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। আওয়ামী লীগ নেতারা টেলিফোনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ রেহানাকে অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
১৫ আগস্ট ১৯৭৫ সালের শোকাবহ কালোদিবসে সূর্য ওঠার আগে খুব ভোরে কিছুসংখ্যক বিপথগামী সেনা সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।
সেদিন ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
বঙ্গবন্ধুর ২ মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।
শেখ রেহানা এবং বড় বোন শেখ হাসিনা সে সময় জার্মানিতে ছিলেন। শেখ হাসিনার স্বামী এম ওয়াজেদ মিয়ার কর্মস্থল ছিল জার্মানির কার্লসরুইয়ে। সেখান থেকে পরে ভারতে চলে যান ২ বোন।
শেখ রেহানার ৩ ছেলেমেয়ে। তাদের মধ্যে ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, বড় মেয়ে টিউলিপ সিদ্দিক এবং ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী। স্বামী অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক।
বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন সংসদ সদস্য। ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত এবং আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্ট্রি। আর সবার ছোট আজমিনা সিদ্দিক রূপন্তী লন্ডনে ‘কন্ট্রোল রিস্কস’ নামে একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস সম্পাদক।
শেখ রেহানা যুক্তরাজ্য প্রবাসী হলেও বছরের একটি বড় সময় দেশেই কাটান।
আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে ‘ছোট আপা’ হিসেবেই পরিচিত তিনি।
এইচএন





