অবরোধের চতুর্থ দিনে রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ছাত্রদল। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী কলেজের সামনে এই ঘটনা ঘটে।

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) নুর হোসেন খন্দকার জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর চালপট্টি থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। বিভিন্ন সড়ক ঘুরে এসে ভুবনমোহন পার্কে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে রাজশাহী কলেজের সামনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ছাত্রদলকর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পিকেটাররা কলেজের মাঠ দিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে বের হওয়া মিছিলটি ভুবনমোহন পার্কে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বিএনপি যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মফিকুল হক মিলন বক্তব্য রাখেন।

এদিকে রাজশাহী কলেজ মাঠে ক্রিকেট খেলার সময় পিকেটার সন্দেহে যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট সোহরাব হোসেনকে লাঠিপেটা করেছে পুলিশ। ঘটনার পর পুলিশ কমিশনার মো. সামসুদ্দিনের সঙ্গে দেখা করে অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

অন্যদিকে মঙ্গলবার নগরীর শাহ মখদুম থানার মোড়ে পুলিশ পেটানো মামলায় তিন শিবিরকর্মীকে বৃহস্পতিবার রাতে আটক করেছে র‌্যাব।

কেএইচ