রোববার সকালে যশোরের মণিরামপুর উপজেলার ছাতিয়ানতলা এলাকা থেকে ৩০-৩২ বছর বয়সী অজ্ঞাত দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, দু'দল সন্ত্রাসীদের সাথে 'বন্দুকযুদ্ধে' যুবকরা মারা গেছে।
সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ সকালেই মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, আজ ভোর ৫টার দিকে যশোর-মণিরামপুর সড়কের বেগারিতলা-ছাতিয়ানতলা বিল এলাকায় দুইদল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। এইরকম তথ্য পাওয়ার সাথে সাথে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা রাস্তার দু'পাশের পাটক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরে রাস্তার পাশ থেকে দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে লাশ ছাড়া অন্য কিছু উদ্ধার হয়নি। এছাড়া স্থানীয়রা নিহত দুই ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। সন্ত্রাসীরা বহিরাগত বলে পুলিশ ধারণা করছে।
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনের খালি গা, পরনে লুঙ্গি ও কোমরে গামছা এবং অপরজনের পরনে নীলরঙের গেঞ্জি ও ঢোলা প্যান্ট রয়েছে। তাদের একজনের মাথায় একটি ও অপরজনের মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে। গুলিতে চেহারা বিকৃত হয়ে গেছে।
তারেক/জেড





