ঝিনাইদহে মহেশপুর উপজেলার বজরাপুরে জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের অভিযান শেষ হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে অভিযানের সমাপ্তির কথা জানান পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ। অভিযানকালে ঘরের মধ্যে বোমার বিস্ফোরণে একজন এবং গুলিতে অপর একজন জঙ্গি নিহত হয়েছে।
এর আগে সন্ধ্যায় কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রীয়করণ দল অভিযান শুরু করে। সেখান থেকে উদ্ধার হওয়া দুটি লাশের সোমবার ময়নাতদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নিহতদের মধ্যে তুহিন নামে একজন রয়েছেন। আহত হয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম ও পুলিশের এসআই মহসিন। তাদের মধ্যে নাজমুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুপুরে ডিআইজি দিদার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মহেশপুরের বজরাপুরে নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আস্তানায় সকালে অভিযান শুরু করলে ভেতর থেকে জঙ্গিরা বোমা ও গুলি ছুড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে এক জঙ্গি নিহত হয়। এ সময় ঘরের ভেতরে বোমার বিস্ফোরণে আরো এক জঙ্গি নিহত হয়।
এমএনজে





