অবৈধ অনুপ্রবেশের দায়ে নারী ও শিশুসহ ১২ ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাঁচবিবি উপজেলার নাকুরগাছি বিজিবি চেকপোস্ট থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে করে টাঙ্গাইল যাওয়ার পথে তাদের আটক করা হয়।

ভারতীয়রা হলেন- ভারতের বর্ধমান জেলার পূর্বস্থলী থানার দক্ষিণবোয়ালপাড়া গ্রামের মনি চন্দ্র বসাকের ছেলে পরিতোষ বসাক (৫০), তার স্ত্রী আদুরী বসাক (৪৫), ছেলে গৌর বসাক (২০), একই গ্রামের গনেশ সরকারের ছেলে নিতাই সরকার (৫২), সুনিল সুত্রধরের স্ত্রী বাসন্তি সুত্রধর (৬০), মৃত অনিল বসাকের স্ত্রী মিরা বসাক (৬০), একই এলাকার নশরতপুর গ্রামের মৃত মহাদেব বসাকের ছেলে বিকাশ বসাক (৫৫), তার স্ত্রী দীপালি বসাক (৪০), ছেলে প্রকাশ বসাক (১৫), একই এলাকার হাশিমলা দক্ষিণপাড়ার বিষ্ণুপদের স্ত্রী মিঠু বসাক (২৪), ছেলে শাওন বসাক (৪) ও মা পুষ্প বসাক (৭০)।

অপরদিকে ভারত থেকে ফেরত আসার সময় আটককৃত বাংলাদেশি হলেন টাঙ্গাইল জেলা সদরের আদালত পাড়ার কমল বসাকের স্ত্রী কমলা বসাক (৭০)। অবৈধভাবে ভারত যাওয়ার দায়ে তাকে আটক করা হয় বলে বিজিবি সূত্রে জানা যায়।

আটককৃতরা জানান, তারা দালালের মাধ্যমে জনপ্রতি দুই হাজার টাকা দিয়ে পাঁচবিবি উপজেলার চেচড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। পরে ভিমপুর থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে পূজা দেখতে যাওয়ার পথে বিজিবি চেকপোস্টে আটক হন।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ জানান, আটককৃত ভারতীয়দের বর্তমানে হিলি সিপি ক্যাম্পে রাখা হয়েছে। তাদের নাম ঠিকানা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-এর(বিএসএফ) নিকট দেওয়া হয়েছে। নাম ঠিকানার সঠিকতা যাচাইয়ের পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিএসএফের নিকট হস্তান্তর করা হবে। আর বাংলাদেশি নাগরিককে থানায় হস্তান্তর করা হবে।

জেআই