চট্টগ্রামের মিরসরাইয়ে রেলের প্যান্ডেল ক্লিপ খুলে ফেলায় ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার ভোর ৪টার দিকে মিরসরাই বড়তাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।দুর্ঘটনায় ৮-১০ জন আহত হয়েপ্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা অনেকগুলো প্যান্ডেল ক্লিপ খুলে রাখে। এতে লাইনটি ঢিলা হয়ে যায়। এ অবস্থায় ঘটনাস্থলে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি পৌঁছালে দু’টি বগি লাইনচ্যুত হয়।

এদিকে, সকাল ৭টার দিকে উদ্ধারকারী একটি ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়ে ৮টার দিকে পৌঁছে। সাড়ে ৮টার দিকে উদ্ধার কাজ শুরু হবে বলে জানা গেছে।  

চট্টগ্রামের রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, চট্টগ্রাম স্টেশন থেকে সুবর্ণ এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে ও মহানগর প্রভাতি সকাল ৭টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও এ দুর্ঘটনার কারণে ছেড়ে যেতে পারেনি।

কেএইচ