বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন সিটি নির্বাচনে নাশকতা করতে পারে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে ১৪ দল।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি ফজলে হোসেন বাদশা এবং সাবেক শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়ার নেতৃত্বে রোববার বেলা সাড়ে ১১টার দিকে সরকার দলীয় জোটের প্রতিনিধিরা সেখানে যান।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ফজলে হোসেন বাদশা বলেন, অবরোধের ৯২ দিনে খালেদা জিয়া যা করেছেন, এখন তার নাম শুনলেই নাশকতা এবং সহিংসতার কথা মনে হয়। তাই আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে।
নাশকতার অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন করলে তিনি জানান, সেনাবাহিনীকে সাধারণ যে কোন বাহিনীর মত ব্যবহার না করাই ভালো তাই সেনাবাহিনী নামানোর দাবি জানানো হয়নি।
১৪ দল আরো অভিযোগ করেন, দীর্ঘদিনের সহিংস কর্মকাণ্ডের পর বেগম খালেদা জিয়া যে কোনভাবেই সিটি মেয়রের পদগুলো দখলে নিতে চান।
এজন্য নিয়ম ভেঙে দলবল নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটের দিনও সহিংসতা সৃষ্টির চেষ্টা করতে পারেন।
নিয়ম ভেঙে সিটি প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় তারা খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সিইসির প্রতি আহ্বান জানান।
একইসঙ্গে ভোটের দিন সব ধরণের সহিংসতা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।
ইআর/এআর





