ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ শুক্রবার রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজে ইভিএম মেশিন বিতরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এ সময় সিইসি কে এম নূরুল হুদা বলেন, ‘প্রথমবারের মতো ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন এই পদ্ধতির জন্য কর্মকর্তাদের যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন ভোটকেন্দ্রে ভোটারদের সর্বাত্মক সহযোগিতা করতে পারবেন তাঁরা। এ পদ্ধতিতে ভোট গ্রহণে কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। সে হিসেবে আগামী শনিবারের নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হবে।’

সিইসি আরো বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এবং নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই।’

এ ভোটের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরে আসবে কি না—এমন প্রশ্নের জবাবে কে এম নূরুল হুদা বলেন, ‘কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরে আসবে কি না, সেটি আমি জানি না। আস্থার বিষয়টি নির্ভর করে মানুষের মন-মানসিকতার ওপর। বাংলাদেশে নির্বাচন কমিশনের ওপর সব রাজনৈতিক দলের আস্থা ছিল এমন ইতিহাস নেই‌। তাই সেসব নিয়ে আমরা ভাবছি না।’

এমআর