শুক্রবার রাতে ও শনিবার ভোরে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ১৬ জন এবং রংপুরে ৬ জন নিহত হয়েছে।
এছাড়া আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক। নিহতদের মধ্যে আশঙ্কাজনকভাবে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যার কারণে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাইবান্ধা:
শনিবার ভোরে পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে ১৬ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পলাশবাড়ি থানার ওসি মাহমুদুল আলম জানান, ভোরে পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করেছেন। এঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
রংপুর:
এদিকে শুক্রবার দিবাগত রাতে তারাগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছে।
তারাগঞ্জ থানার ওসি আবদুল বাকি জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বিআরটিসির দ্বিতল বাসের চাকা নষ্ট হলে শলেয়াশাহ বাজার এলাকায় দাঁড়িয়ে মেরামতের কাজ করছিল। এ সময় পেছন থেকে একটি বালু বোঝাই ট্রাক ধাক্কা দেয় বাসটিকে। এতে ঘটনাস্থলে ছয় বাসযাত্রী নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন পাঁচজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান ওসি আবদুল বাকি।
জেড





