রাজধানীর পলাশীর মোড়ে সড়ক দুর্ঘটনায় আনিতা তাসমিন নামে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রী আহত হয়েছেন। এ ঘটনার জের ধরে উত্তপ্ত হয়ে ওঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থীরা পলাশী মোড় অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
রোববার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আনিতা তাসমিন রিকশায় চড়ে পলাশী মোড়ের দিকে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি মাইক্রো (ঢাকা মেট্রো চ ১৩-৬৯৯০) রিকশাটিকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর পরই শিক্ষার্থীরা মাইক্রোটি আটক করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এদিকে সহপাঠী আহত হবার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসে। তারা পলাশীর মোড়ে অবস্থান নিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে সেখানে পুলিশ ছাত্রদের ঘিরে রেখেছে।
পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার হারুন অর রশীদ জানান, ছাত্রদের বুঝানোর চেষ্টা চলছে।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]