গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ছয়দানা হাজিরপুকুর এলাকায় একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ওই এলাকার প্রীতি সোয়েটার লিমিটেডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে ওই কারখানায় ৮তলা ভবনে আগুন লাগে।

পরে খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে বলেও জানান হাসিবুর রহমান।

তিনি জানান, রাতে সোয়েটার কারখানাটি চালু ছিল। শ্রমিকরা কাজ করছিলেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওএফ