কুমিল্লার দাউদকান্দিতে স্কুল থেকে ফেরার পথে কয়েক নরপশুর যৌন নির্যাতনের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। সে উপজেলার দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছে।
পুলিশ ও নির্যাতিতার অভিভাবক সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার ওই এলাকার উপবৃত্তির টাকা দেয়া হচ্ছিল সুন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ টাকা উঠানোর জন্য অন্যান্য ছাত্রীর সঙ্গে নির্যাতিতাও সুন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। টাকা নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাকে ধরে নিয়ে যৌন নির্যাতন করে রবিউল (২৮), হৃদয় (২৪), রিয়াদ (২৫) ও সুমন (২৪) নামের চার বখাটে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সুন্দুলপুর গ্রামের বসু মিয়ার ছেলে রবিউল (২৮) এবং একই গ্রামের আবুল হাসেমের ছেলে সুমন মিয়া (২৪)।
নির্যাতিতার মা (পরিচয় গোপণ রাখা হলো) বলেন, অন্য ছাত্রীদের সঙ্গে আমার মেয়েও উপবৃত্তির টাকার জন্য গিয়েছিল। নরপশুরা আমার ছোট্ট মেয়েটির সর্বনাশ করেছে। আমি এ ঘটনার বিচার চাই- ওই পশুদের ফাঁসি চাই।
দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার বলেন, ধর্ষণকারীদেরকে গ্রেফতার করতে আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ছাত্রীটিকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





