১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীতে শোক র‌্যালী বের করা হয়।

শনিবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ র‌্যালী অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামীলীগের সভাপতি মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান উপস্থিত থেকে শোক র‌্যালীর উদ্বোধন করেন।

অপরদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁ’র কাচপুর ও সাদিপুরসহ প্রায় ২০০ টি স্পটে দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব সহ সকল শহীদদের স্মরণে দোয়া করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এবং সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতসহ স্থানীয় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতা কর্মীরা।

নারায়ণগঞ্জে র‌্যালীর পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে সাংসদ সেলিম ওসমান বলেন, আমরা এখনও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে পারিনি।

স্বাধীনতার ৪৪ বছর পেরিয়ে গেলেও “৭১” এর রাজাকার আলবদররা আজও নারায়নগঞ্জ সহ সারাদেশে বাস করছে। তারা এখনও দেশের উন্নয়নের পথে বাঁধা সৃষ্টি করে।

তিনি আরো বলেন, ৭১’র ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে উন্নয়নের পথ ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা তা হতে দেয়নি।

তিনি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন। আমাদের সবাইকে শপথ নিতে হবে, আজ থেকে আমরা লোভ, পেশী শক্তি ও অরাজগতার রাজনীতি ছেড়ে দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করব। এর মাধ্যমেই আমাদেরকে নতুন প্রজন্মের হাতে সোনার বাংলাদেশ তুলে দিতে হবে।

র‌্যালীটি শহরের ২ নং রেল গেট আওয়ামীলীগ অফিস হতে শুরু করে চাষাড়া বিজয় স্তম্ভ প্রদক্ষিণ করে পূনরায় আওয়ামী লীগ অফিসের সামনে এসে শেষ হয়।

শোক র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এড. আনিসুর রহমান দিপু, জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদির, সাধারন সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, সাধারন সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন বাবলু, জিএম আরাফাত, আওয়ামীলীগ নেতা খবীর আহমেদ খবীর, আওয়ামীলীগ নেত্রী মাহমুদা মালা, ইসরাত জাহান খান স্মৃতি, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবীবুর রহমান রিয়াদ, সহ প্রমুখ।

এসএইচ