ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিক্ষোভে নিহতের ঘটনার প্রতিবাদে আজ (২৮ মার্চ) রোববার হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বান সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

হেফাজতে ইসলামের ডাকে গতকাল (শনিবার) রাজধানীর বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

এছাড়া বিকেলে সংবাদ সম্মেলন করেছে হেফাজত। এসব কর্মসূচি থেকে আজকে সকাল-সন্ধ্যা হরতাল সফলে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান হয়েছে।

একইসাথে হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।

গত ২৬ মার্চ ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর মুসল্লিদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। বিকেল পর্যন্ত চলা এ সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ শতাধিক নেতাকর্মী আহত হয়।

এছাড়া চট্টগ্রামের হাটহাজারিতে হেফাজতে ইসলামের সাথে পুলিশের সংঘর্ষে চারজন নিহত ও বহু আহত হয়। ব্রাক্ষণবাড়িয়ায় সংঘর্ষে হেফাজতের আরেক কর্মী নিহত হন। এর প্রতিবাদে গতকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হেফাজত। এছাড়া আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দিয়েছে তারা।

এমবি