মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারায় মানববন্ধন করেছে গুইমারা উপজেলার সর্বস্তরের মুসল্লিরা। গুইমারা উপজেলা মুসলিম জেনারেশন নামে শুক্রবার বাদ জুমা গুইমারা সদরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে উপজেলার প্রায় ৫শতাধিক মুসল্লি অংশ নেয়। মানববন্ধনে নেতৃত্ব দেন গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ডাঃ মুফতি ওসমান গণি।

মানববন্ধনে বক্তারা মিয়ানমারে সরকারের মুসলিম নিধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে মিয়ানমারের মুসলিম গণহত্যা বন্ধ করতে হবে। গণহত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠণ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বক্তারা আরো বলেন,মিয়ানমারে মুসলিম গণহত্যার কারণ দেখিয়ে কেউ যেনো সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন,মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা যুগ যুগ ধরে মিয়ানমারেই অবস্থান করছে। তারা মিয়ানমারেই নাগরিক। অবিলম্বে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে। এসময় মিয়ানমারের গণহত্যা বন্ধের দাবীতে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদিন, মাওলানা খুরশেদুল আলম, কাজী মফিজুল ইসলাম, মো: শাহ আলম, মো: ইয়াছিন, জামাল উদ্দিন, আবুল হোসেন রিপন প্রমুখ।

আবু বকর/নাজিব