অপহৃতদের খুঁজে পেতে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, অপহৃতদের খুঁজে না পাওয়াটা ব্যর্থতা বলা যাবে না। গোয়েন্দারা তৎপর রয়েছেন তাদের বের করতে। একটু সময় দিতেই হবে তাদের বের করতে। রোববার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে নৌ-পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে মন্ত্রী নৌ-পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির হিসেবে বক্তৃতা করেন।
তিনি বলেন, নৌ-পুলিশ তাদের কর্মদক্ষতার পরিচয় কাজের মধ্য দিয়ে প্রকাশ করছেন। কোস্ট গার্ডসহ এই রিলেটেড আরো যে সকল বাহিনী রয়েছে তারা সবাই সমন্বয় করে কাজ করবে।
এতে ভবিষ্যতে নৌ পুলিশ আরো শক্তিশালী ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক সচিব কামাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক ও ডিআইজি এসকে মারুফ হাসান প্রমুখ।
উল্লেখ্য, নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষক সিজার গত পাঁচ দিন ধরে নিখোঁজ। এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন সাংবাদিক উৎপল দাশ। নতুন গঠিত রাজনৈতিক দল বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি) সভাপতি মিঠুন চৌধুরী ও দলটির কেন্দ্রীয় নেতা আশিক ঘোষকে গত ২৭ অক্টোবর রাতে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয়েছে। এছাড়া ব্যববসায়ী অনিরুদ্ধ রায় চৌধুরীসহ আরও কয়েকজন সম্প্রতি নিখোঁজ হন। গত নয় বছর ধরে সরকারি বাহিনীগুলো রাজনৈতিক দলের বহু নেতা-কর্মীকে গুম করেছে বলে অভিযোগ করে আসছে বিএনপি; যার মধ্যে দলের কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমও রয়েছেন।
জারিফ





