ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ি আল-আমিন খন্দকার (৩০) গত ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে স্থল বন্দরের ব্যবসায়ীরা।

আগামী তিন দিনের মধ্যে তাকে উদ্ধারের আল্টিমেটাম দেয়া হয়েছে অন্যথায় আমদানি-রপ্তানি বন্ধ রাখার হুমকি দিয়েছে ব্যবসায়ীরা।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স রিফাত ট্রেডার্সের মালিক মোঃ আল-আমিন খন্দকার সেনারবাদি গ্রামের বাসিন্দা। তিনি আমদানি-রপ্তানির পাশাপাশি সিএন্ডএফ এজেন্টও পরিচালনা করছেন।

গত ৩০জানুয়ারী সকালে তিনি যথাররীতি বাড়ি থেকে বের হন, পরে গাজীর বাজারের এক বন্ধুর বাড়িতে এবং পরে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যান।

ঐদিন দুপুরের পর থেকে আল আমিন এর কোন সন্ধান পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

আল আমিন কোথায় আছেন তার পরিবারের সদস্যরাও খুজে পাচ্ছেন না। এ ঘটনায় তার ভাই মোঃ রুহুল আমিন খন্দকার আখাউড়া থানায় সাধারণ ডায়রি করেছেন।

আল-আমিনের ভাই রেজাউল খন্দকার বলেন, ‘এলাকায় আমার ভাইয়ের কোনো শত্রু নেই। কিন্তু কিভাবে কি হলো এখন আমরা কিছুই বুঝতে পারছি না। পুলিশ আমাদেরকে বলেছে তাঁরা নাকি গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে’।

আখাউড়া গাজীর বাজারের মোঃ জহিরুল ইসলাম রনি জানান, ঘটনার দিন সকালে আল-আমিন তার বাড়িতে যান। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা বলে বেড়িয়ে যাওয়ার পর তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের ডাকা সংবাদ সম্মেলনে বলা হয়, ওই ব্যবসায়ি নিখোঁজের ঘটনায় তারা উদ্বিগ্ন। আগামী তিন দিনের মধ্যে তাকে উদ্ধার না করা হলে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হবে।

আখাউড়া থানার অফিসার (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, বিভিন্ন দিক থেকে পাওয়া তথ্য আমরা যাচাই-বাছাই করছি। তবে মূলত তথ্য প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়েই তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

এমকে