খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। কয়রা উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জামায়াতের আমির মাওলানা আ খ ম তমিজউদ্দিনকে গ্রেফতার এবং পাইকগাছা উপজেলার ২১ জনের নামে ও অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার প্রতিবাদে রোববার স্থানীয় জামায়াতে ইসলামী এই হরতাল আহ্বান করে।

এদিকে হরতাল চলাকালে পুলিশ রোববার সকালে একজনকে আটক করেছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী ও কয়রা থানার ওসি সুবির দত্ত জানান, নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের সাথে তারাও সর্বত্র টহল দিচ্ছেন।

কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম সারওয়ার জানিয়েছেন, ভোর থেকে পাইকগাছা এবং কয়রা উপজেলায় কোনো যানবাহন চলাচল করছে না। সকাল থেকে এ দুই উপজেলার প্রধান প্রধান সড়কের দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ-বিজিবির টহলের কারণে জামায়াত-শিবির বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করছে।

উল্লেখ্য, ১৪ আগস্ট মাওলানা তমিজউদ্দিনকে পুলিশ রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করে এবং সেদিন বিকেলেই পাইকগাছা থানায় জামায়াতের ২১ নেতার নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৬০ জনের কিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়।

উভয় থানার ওসিরা জানান, হরতাল আহ্বান করা হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ