গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকায় নৌকা ভ্রমণে গিয়ে তুরাগ নদীতে ডুবে যাওয়া স্কুলছাত্র ইমন আহম্মেদের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে।
নদীতে ডুবে যাওয়ার ৪৪ ঘণ্টা পর গাজীপুর সদর উপজেলার পানিশাইল এলাকা থেকে বুধবার সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নিহতের স্বজনরা লাশটি উদ্ধার করে।
ইমন আহম্মেদ কালিয়াকৈরের সুরিচালা এলাকার দারগ আলীর ছেলে। সে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র ছিল।
ইমনের চাচাতো ভাই ওবায়দুল হক জানান, সোমবার সকালে কালিয়াকৈরের সুরিচালা এলাকা থেকে বন্ধুদের সঙ্গে তুরাগ নদীতে নৌকা ভ্রমণে যায় ইমন আহম্মেদ।
স্যালোইঞ্জিনচালিত নৌকাটি তুরাগ নদীর গলাচিপা এলাকায় পৌঁছলে ইমন হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে ডুবে যায়। ইমনকে তার বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবারের লোকজনকে বিষয়টি জানায়।
পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুপুর পর্যন্ত ইমনকে খুঁজে পায়নি । পরে টঙ্গীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদীতে টানা দু’দিন উদ্ধার অভিযান চালালেও ইমনকে উদ্ধার করতে পারেনি। সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তারা গিয়ে ভাসমান লাশটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, লাশ উদ্ধারের খবরটি তিনি এখনও পাননি
এমকে





