কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় আহত সাংবাদিক নাসির উদ্দিন (৪৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকার ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাসির উদ্দিন কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্য খবর পত্রিকায় কুমারখালী উপজেলা প্রতিনিধি ছিলেন।

স্থানীয় সাংবাদিক দীপু মালিক জানান, সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাদ আছর স্পোটিং ক্লাব মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, ১৮ নভেম্বর বিকেলে মোটরসাইকেলে করে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকায় যাচ্ছিলেন নাসির উদ্দিন। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।

এমবি