রাজশাহী কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টারে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে তিনটি ঘর এবং একটি ঘরের বারান্দায় থাকা মালামাল ভস্মীভূত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে সদর দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে কারাগারের স্টাফ কোয়ার্টারে কারারক্ষী নিসার আলীর ঘরে আগুন লাগার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছার আগেই তিনটি ঘর ও বারান্দায় থাকা মালামাল ভস্মীভূত হয়।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে তিনটি ঘরের একটিতে রাখা মোটরসাইকেলে আগুন ধরে ট্যাংকি বিস্ফোরিত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
কারারক্ষী নিসার আলী জানান, ঘটনার কিছুক্ষণ আগে তিনি নগরীর মনিচত্বর এলাকায় চা খেতে যান। ছেলে কারামাঠে ক্রিকেট খেলছিল আর স্ত্রী চিকিৎসকের কাছে যান। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, সহকর্মীদের কাছে ঘরে আগুন লাগার খবর জানতে পেরে দ্রুত ফিরে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।
জেআই





