বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিল করেছে রংপুর বিএনপি।
বুধবার দুপুরে গ্রান্ড হোটেল মোড় দলীয় কার্যালয়ে কোকোর আত্মার মাগফেরাত কামনা করে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে বর্তমান জেলা ও মহানগর বিএনপির বিদ্রোহী গ্রুপের নেতা শহিদুল ইসলাম মিজু, জেলা সাবেক সভাপতি মাহফুজ-উন-নবী ডন এর নেতৃত্বে একটি শোক র্যালি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে কোকোর আত্মার মাগফেরাত কামনা করে স্মরণ সভায় বক্তারা বলেন, ‘২০০৭ সালে সেনা সমর্থিত সরকারের সময় মিথ্যা মামলা ও কারাবন্দি অবস্থায় যে অমানবিক নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতনের রাহুগ্রাসই কোকোর অকাল মৃত্যুর জন্য দায়ী। এজন্য তাদেরকেও একদিন জবাবদিহি করতে হবে।’
রংপুর জেলা বিএনপির ব্যানারে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য দেন- কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান বাদল, বিএনপি নেতা কাওছার জামান বাবলা, কৃষকদলের সাধারণ সম্পাদক কাজী খয়রাত, রাশেদ-উন-নবী বিপ্লব, মহানগর জিয়া পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট শফি কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান বাবু, মহানগর ওলামা দলের সদস্য সচিব মাওলানা নুরুল হক শাহ্, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শ্রী উৎপল ভৌমিক, সহ সভাপতি এসএম পান্না, সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো মারা যান। কয়েক দফা জানাজার নামাজা শেষে গতকাল মঙ্গলবার বিকেলে তার লাশ রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।
জেআই





