সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে স্কুলশিক্ষক চিংসামং চৌধুরীর হত্যার প্রতিবাদে এবং দায়ীদের গ্রেফতারের দাবিতে মানিকছড়িতে হরতাল চলছে।
গত কাল দিনব্যাপী মিছিল শেষে কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এলাকায় নাগরিক কমিটির ব্যানারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত উপজেলায় হরতাল পালনের ঘোষণা দেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা।
এসময় বক্তারা অভিযোগ করেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দীর্ঘদিন ধরে এ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলেও প্রশাসন নীরব থাকায় এ হত্যাকাণ্ড ঘটেছে।
বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান অন্যথায়, আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুমকি দেন।
স্কুলশিক্ষক চিংসামং চৌধুরী হত্যাকাণ্ডের জের ধরে রোববার সকাল থেকে মানিকছড়ি সদরের সকল দোকান-পাঠ ও স্কুল-কলেজ অঘোষিত বন্ধ রাখা হয়।
রাস্তায় নেমে আসেন সর্বস্তরের মানুষ। ফলে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। গত কাল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে।
এদিকে, শিক্ষক চিংসামং চৌধুরীর (৪২) লাশের ময়নাতদন্ত শেষে গত কাল বিকালে পারিবারিক শ্মশানে দাহ করা হয়েছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে মানিকছড়ি বাজার সংলগ্ন রাজপাড়ায় জেএসএস’র উপজেলা সভাপতি মংসাজাই মারমা ওরফে জাপান বাবুর ভাড়া বাসায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়।
সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগ নেতা চিংসামং চৌধুরী (৪২) ঘটনাস্থলে নিহত হন।
জেএসএস (সন্তু) গ্রুপের উপজেলা শাখার সভাপতি মংসাজাই মারমা ওরফে জাপান বাবু আহত হন।
ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে পাঁচ রাউন্ড চায়না রাইফেলের গুলির খোসা উদ্ধার কর হয়।
চিংসামং চৌধুরী উপজেলার ছদুরখীল গ্রামের হেডম্যান রিপ্রুচাই চৌধুরীর ছেলে। আহত মংসাজাই মারমা ওরফে জাপান বাবু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এমকে





