স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে কোনো আইএস নেই। আইএসের নামে দেশি-বিদেশি চক্রান্ত চলছে।

রোববার দুপুরে গাইবান্ধার সাঘাটা থানার নব-নির্মিত ভবন উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ঠিক তখনই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার জন্য দেশি-বিদেশি চক্রান্ত চলছে। জেএমবি, আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যরাই নিজেদের আইএস বলে দাবি করছে।’

তিনি বলেন, দেশের মানুষ জঙ্গিদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। জঙ্গিরা এখন আত্মসমর্পণের মাধ্যমে ভালো পথে আসার চেষ্টা করছে। মাদ্রাসা শিক্ষার্থীরাও জঙ্গি প্রতিরোধে রাস্তায় নেমে এসেছে। এদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবেই।

গাইবান্ধা পুলিশ সুপার আশরাফুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আইজিপি একেএম শহীদুল হক, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ, সাঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু প্রমুখ।

এমএনজে