নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। এর ফলে শিক্ষকেরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ হাসান দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘গতকাল শিক্ষক পরিষদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে আমরাও বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপন করেছি।’

কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মাসুদ আহম্মেদ বলেন, গতকাল প্রতিবাদ কর্মসূচি শুরুর আগেই সকালে জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদসহ জেলা ও কলেজ ছাত্রলীগের ১০-১২ জন নেতা কলেজে আসেন। শিক্ষক মিলনায়তনে তাঁদের সঙ্গে বৈঠক হয় আমাদের। তাঁরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

অধ্যক্ষ মুহম্মদ সামাদ উল­াহ মজুমদার বলেন, কলেজের সার্বিক পরিবেশ উন্নয়নের বিষয় বিবেচনা করে শিক্ষক পরিষদের সভায় সিদ্ধান্ত নিয়ে শিক্ষকেরা ক্লাসে ফিরে গেছেন

গত মঙ্গলবার দুপুরে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ হাসানসহ তিনজন অধ্যক্ষ মুহম্মদ সামাদ উল­াহ মজুমদারকে তাঁর কক্ষে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে গত বুধবার ক্লাস ও পরীক্ষা বর্জন করেন শিক্ষকেরা। গতকালও ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ করার কর্মসূচি ছিল।

রায়/নাজিব