ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আল আযমী শুধুমাত্র গোলাম আযম পুত্র, জামায়াতের কেউ কিনা আমাদের জানা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আযমী জামায়াতের কোন পদে নেই, তাই তার এ মন্তব্য ব্যক্তিগত তাই আমরা এ নিয়ে কোনো মন্তব করব না।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনের আগে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

যৌথ সভায় ৭ নভেম্বর উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, সময়মত নির্বাচন হওয়ার মত সত্য কথা তিনি বলেছেন। এ ছাড়া নির্বাচন বিষয়ে তিনি যে কথা বলেছেন তাতে বুঝা যায় যে তিনি জনগণের দাবির কাছে নতি স্বীকার করছেন। তিনি বুঝতে শুরু করেছেন দেশের মানুষ অতিদ্রুত একটি নির্বাচন চায়।

নির্বাচন হলে বিএনপির তাতে অংশ নিতে প্রস্তুত কিনা জানতে চাইলে বিএনপির এ মূখপাত্র বলেন, বিএনপি সব সময়ই নির্বাচনের জন্য প্রস্তুত এবং সে নির্বাচনে অবশ্যই জয় লাভ করবে। যা আপনারা ইতোপূর্বে দেখেছেন সিটি করপোরেশন নির্বাচন এবং উপজেলা নির্বাচনে জয় লাভের মধ্য দিয়ে। তবে তাতে জনগণের অংশগ্রহন থাকতে হবে।

৭ নভেম্বর উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচী হলো- ৭ তারিখ সকাল ৬ টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়সহ সারাদেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন সকাল ১০ টায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাট করা হবে। ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া পোস্টার, ক্রোড়পত্র প্রকাশ, আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় আটক নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ, তীর্ব নিন্দা ও মুক্তি দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এ্যাড. তৈমূর আলম খন্দকার, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএইচ/ এআর