নাটোরের আহম্মেদপুরে আলু বোঝাই ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহতদের মধ্যে রংপুরের তারাগঞ্জের জব্বার আলীর ছেলে আনারুল ইসলামের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান জানান, নাটোরে দুর্ঘটনায় আহত ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ৩টার দিকে তিনজন মারা যান।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুরে বুধবার দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ ও বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, বগুড়া থেকে ঢাকাগামী আলু বোঝাই ট্রাকটি আহম্মেদপুর এলাকায় পৌঁছলে সামনের চাকা ফেটে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী পিকআপের সংঘর্ষ হয়। পিকআপটি সড়কের পাশে খাদে পড়ে এবং ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়।
জেআই





