রাজধানীর মিরপুর ও পল্টনে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পৃথক এ দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে।
মিরপুরে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় নিহত হন। মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ হোসেন জানান, পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে রাত দেড়টার দিকে ট্রাকচাপায় মো. শরিফুল ইসলাম (৩০) নামে এক যুবক গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন তিনি। তখন ওই যুবক শুধু তার নাম পরিচয় জানান। এ ছাড়া সে আর কিছুই জানাতে পারেনি। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেএইচ





