খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম কর্তৃক দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক নীরব চৌধুরীকে শারিরীক নির্যাতন,জোর পূর্বক মুচলেকা আদায়ের প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি জেলা সদরে মানববন্ধন করেছে খাগড়াছড়ি পেশাজীবি সাংবাদিক বৃন্দ।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় জেলা শহরের শাপলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিক নিরব চৌধুরীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ কিছুতেই মেনে নেওয়া যায়না। অবিলম্বে এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। এদিকে মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকবৃন্দের উপর হুমকির অভিযোগ করে খাগড়াছড়ি সদর থানায় একটি জিডি করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। জিডি নং -১০১৮।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর খাগড়াছড়ি জেলা সদরের রাজ্যমনি পাড়া এলাকায় অবৈধভাবে চেঙ্গী নদী থেকে বালু উত্তোলনের ছবি তুলতে যাওয়ার পথে অর্পণা চৌধুরী পাড়া এলাকায় সাংবাদিক নিরব চৌধুরীর গতিরোধ করে বালু ব্যবসায়ী দিদারুল আলম ওরফে দিদারের নেতৃত্বে প্রথম আলোর খাগড়াছড়ি জেলার ফটো সাংবাদিক নীরব চৌধুরীকে খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ে পৌর সচিব পারভীন আক্তারের কক্ষে নিয়ে মেয়র রফিকুল আলম তাকে মারধর করেন।

এদিকে সাংবাদিক নীরব চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা এবং সাংবাদিকদের হুমকি প্রদর্শনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন খাগড়াছড়ি ২৯৮নং আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বাবু কংজরী চৌধুরী, সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন(সিইউজে), খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী ও সামাজিক সংগঠনেরর নেতৃবৃন্দ।

আবুবক্কর/ এআই