কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আরেক আসামি জামাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোরে টেকনাফের নাজিরপাড়ার একটি পানের বরজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জামাল হোসেন নাজিরপাড়ার মৃত মোহাম্মদ হেসেনের ছেলে।

টেকনাফ থানার এসআই (অপারেশন অফিসার) কাঞ্চন কান্তি দাশ জানান, টেকনাফ সাংবাদিকের ওপর হামলার ঘটনার এজাহারভূক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পানের বরজ থেকে জামাল হোসেনকে গ্রেপ্তার করে।

এর আগে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টোর বাবা মামলার ৫ নম্বর আসামি এজাহার মিয়াকে। এছাড়াও সন্দেহজনকভাবে আটক করা হয়েছে আবুল কাশেম নামে একজনকে।

শুক্রবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ায় পেশাগত দায়িত্বপালনকালে ভূট্টোর নেতৃত্বে ৬ সাংবাদিককে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এসময় সাংবাদিকদের ক্যামেরা ও ল্যাপটপ লুট করা হয়।

এমআর