দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম প্রমাণিত হওয়ায় পাঁচ সচিবের মধ্যে চারজনের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। স্থগিত করা হয়েছে একজনের সনদ। একইসাথে আরো ২৮ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে।

আজ সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে তাঁদের নেওয়া সুবিধা পুরোপুরি বাতিল হয়ে গেল।

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, চার সচিবের সনদ বাতিল ও একজনের সনদ স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রী জানান, বাতিল হওয়া চার সচিব হলেন, স্বাস্থ্য সচিব নিয়াজউদ্দিন মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিবকে (ওএসডি) এইচ মাসুদ সিদ্দিকী ও যুগ্ন-সচিব (ওএসডি) আবুল কাশেম তালুকদার, সরকারি কর্মকমিশনের সচিব এ কে আমির হোসেন।

আর সনদ স্থগিত হওয়া সচিব হলেন, প্রাইভেটাইজেশন বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান। এনএসআই ও স্থানীয় সংসদ সদস্যের কাছে ওয়াহিদুজ্জামানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পক্ষে সুপারিশ পাওয়া গেছে বলে মুক্তিযোদ্ধা মন্ত্রী সাংবাদিকদের জানান।

গত ১৪ সেপ্টেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুক) বৈঠকে পাচঁ সচিবের সনদ বাতিলের সিদ্ধান্ত হয়। এদের মধ্যে চারজনের সনদ বাতিল করে ও একজনের সনদ স্থগিত করেন প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

ঢাকা, ২২ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ