নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন।শনিবার নাটোর শহরে এবং সিংড়া উপজেলায় ওই দুই দুর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার স্টেশনের রিডার মিজানুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর-বগুড়া সড়কে সিংড়া উপজেলার সেরকোল পাঁচবাড়িয়া এলাকায় বগুড়াগামী যাত্রীবাহী হৃদয় পরিবহনের সাথে বিপরীতমুখী একটি মাইক্রেবাসের সংঘর্ষ হয়।
তিনি জানান, এতে ঘটনাস্থলেই মাইক্রো চালক (অজ্ঞাত) মারা যান। আহতদের মধ্যে ৭ জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি নেওয়ার সময় শিশুসহ আরও দুই জনের মৃত্যু হয়।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।
এদিকে দুপুরে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস থেকে পড়ে একজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
দুর্ঘটনার খবর পেয়ে সিংড়ায় অবস্থানরত তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ পলক ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার তৎপরতা তদারকি করেন।
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আবুল কালাম আজাদ দুটি পৃথক দুর্ঘনায় ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএ





