গাজীপুর জেলার কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় ওষুধবাহী কাভার্ডভ্যান রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঢাকা-রাজশাহী রুটের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বক্তারপুর এলাকার জিসকা ফার্মাসিটিক্যাল লিমিটেডের একটি খালি কাভার্ডভ্যান রেললাইনের ওপর উঠে বিকল হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে পৌঁছে কাভার্ডভ্যানটির মাঝখানে আঘাত করে। এতে কাভার্ডভ্যানটি ট্রেনের সঙ্গে আটকে প্রায় ২০০ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে।
এসআই চন্দন কুমার আরও জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার আগে কাভার্ডভ্যানের চালক ও সহকারী সরে আসতে সক্ষম হয়।
জয়দেবপুর জংশনের প্রধান স্টেশনমাস্টার শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরও ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
ওই স্থানে কর্তব্যরত নাম প্রকাশে অনিচ্ছুক আনসার সদস্য জানান, তার নিষেধ অমান্য করে কাভার্ডভ্যানের চালক ট্রেনলাইন অতিক্রমের চেষ্টা করে। কিন্তু সড়কটি কাদাময় থাকায় ট্রেনলাইনের ওপর কাভার্ডভ্যানটি আটকে যায়।
জেআই





