আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৪টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ (সোমবার) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের তথ্য তুলে ধরা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আরও বলেন, আগামী অক্টোবর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে অক্টোবরের কত তারিখে তফসিল করা হবে তা এখনই বলছি না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যে ২৪টি আসনের সীমানার পরিবর্তন এসেছে সেগুলো হলো নীলফামারী ৩ও ৪; রংপুর ১ও ৩; কুড়িগ্রাম ৩ও ৪; সিরাজগঞ্জ ১ ও২; খুলনা ৩ ও৪; জামালপুর ৪ও ৫; নারায়ণগঞ্জ ৪ও ৫; সিলেট ২ ও৩; মৌলভীবাজার ২ও ৪; ব্রাক্ষণবাড়িয়া ৫ ও৬; কুমিল্লা ৯ও ১০; নোয়াখালী ৪ ও ৫। তবে ঢাকার সংসদীয় আসন অপরিবর্তিত রয়েছে। এ সীমানাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রফিকুল ইসলাম বলেন, পরিবর্তিত সংসদীয় আসনগুলো বেশিরভাগই ২০০৮ সালে নির্বাচনের সময়ের সীমানায় ফিরে গেছে। আর বাকি ২৭৬ আসন দশম নির্বাচনের সময়ের মতো রয়েছে।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমবি





