শুক্রবার সকাল ৭টার দিকে পুশব্যাক হওয়া লোকজন মুজিবনগর থেকে সড়ক পথে বিভিন্ন স্থানে সটকে পড়ে। তবে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত নয় বিজিবি।

সকালে মুজিবনগর সীমান্তের ১০৯ ও ১১০ নম্বর আন্তর্জাতিক পিলার এলাকা দিয়ে ভারতের পাথরঘাটা বিএসএসফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়ার ফটক খুলে তাদের বাংলাদেশে পুশব্যাক করায়। এ সময় তারা পায়ে হেঁটে মুজিবনগর উপজেলা শহরে এসে বাসযোগে বিভিন্ন স্থানে চলে যায়।

পুশব্যাক হওয়া গোপালগঞ্জের বিশ্বজিত মণ্ডল জানান, তিনি বছরখানেক আগে কোলকাতায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে পুলিশের হাতে আটক হন। তিনি পাসপোর্ট ভিসা ছাড়াই গিয়েছিলেন। কোলকাতার দমদম কারাগার থেকে গতকাল বিকালে তিনিসহ শতাধিক মানুষ মুক্তি পায়। এ সময় তাদের পুলিশ ভ্যানে বিভিন্ন সীমান্তে নিয়ে পুশব্যাক করানো হয়। ভোরে তিনিসহ অন্তত ৪০ জনকে মুজিবনগর সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়। তবে এদের মধ্যে সবাই বাংলাদেশি কিনা তা নিশ্চিত নন বিশ্বজিত মণ্ডল।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজিবি মুজিবনগর বিওপি কমান্ডার সুবেদার আবু তাহের জানান, পুশব্যাকের বিষয়টি তাদের জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কেএইচ