পাবনার চাটমোহরে মালবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে চাটমোহর স্টেশনের অদূরে ডাউন পয়েন্টে এ ঘটনা ঘটে।
চাটমোহর রেল স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে মালবাহী একটি ট্রেন সিরাজগঞ্জে যাচ্ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি চাটমোহর স্টেশনের কাছে ডাউন পয়েন্টে পৌঁছালে ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরো জানান, খবর পেয়ে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে কী কারণে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে তা জানা যায়নি।
এআইজে





