টাঙ্গাইলে বাসা চাপায় অটোরিক্সা আরোহী মমিনুল হক (২৭) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনুল বঙ্গবন্ধু সেনানিবাসের ৩৬ বেঙ্গল রেজিমেন্টের ল্যান্স কর্পোরাল হিসেবে কর্মরত রয়েছে বলে জানা গেছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুর থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের সেতুর পূর্ব পাশে ইব্রাহীম খাঁ রেল স্টেশনের কাছে একটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বঙ্গবন্ধু সেনানিবাসের ৩৬ বেঙ্গল রেজিমেন্টের ল্যান্স কর্পোরাল মমিনুল হক নিহত হয়। আহত হয় আরও তিনজন। তাদের মধ্যে মমিনুলের শাশুড়ি সখিনা বেগমকে ঘাটাইল সিএমএইচএ চিকিৎসার জন্য পাটানো হয়েছে। বাকি দু’জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএইচ