সারাদেশে ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে বাস-ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার ভোর রাতে কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক ঘটনায় ধানবোঝাই ট্রাকে আগুন ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, ভোররাত ৩টার দিকে উপজেলার দড়িচড়িয়াকোনা এলাকায় একটি ধানবোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আগুন নেভায়।
এছাড়া ভোগপাড়ায় খালি একটি ট্রাকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
কটিয়াদী থানার এসআই আলমগীর হোসেন ঘটনা দু'টির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে।
এআর





