দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৪ বাংলাদেশিকে ১১ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হিলি সীমান্তের শূন্য রেখায় হিলি বিএসএফ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সংগ্রাম বিশাল বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলামের কাছে তাদের ফেরত দেন। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করে বিজিবি।

এর আগে উভয় বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

৪ বাংলাদেশি হলেন, নওগাঁ আত্রাই থানার বান্দাইঘেরার বড়দাপাড়া গ্রামের কেনারাম প্রামাণিকের ছেলে খগেন প্রামাণিক (৩৩), একই এলাকার কাচু প্রামাণিকের ছেলে রবিন প্রামাণিক (৩০), কৃষ্ঠের ছেলে বলরাম (৩৫) ও বৃষ্ঠ রিশির ছেলে কৃষ্ঠ রিশি (৩৩)।

তারা জানান, শুক্রবার সকালে তারা ভারতে কাজের জন্য দালালের মাধ্যমে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের কামাল গেট এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে দুপুর ২টার দিকে ভারত অংশের হিলি বিএসএফ ক্যাম্পের সামনে তারা আটক হন।

বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উভয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকায় বিএসএফ তাদের বিরুদ্ধে মামলা না করে ফেরত দিয়েছে।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ