কুমিল্লা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, পৃথিবীর প্রায় সব দেশেই প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে কিছু সমস্যা রয়েছে। আমাদের এখানেও কিছু সমস্যা রয়েছে।

আমি যতদিন আছি শেষ রক্তবিন্দু দিয়ে হল্ওে বিচার বিভাগের স্বাধীনতা ও রুলস অব ল’র বিষয়ে কারো সঙ্গে কোনো আপস (কম্প্রোমাইজ) করব না।


বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা আদালতের আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন, অর্থ দিয়ে কোনো দেশকে বড় হিসেবে বিবেচনা করা যায় না,

আইনের শাসন যেখানে বিদ্যমান সে দেশকে মর্যাদার দিক থেকে এগিয়ে রাখা হয়। দেশকে এগিয়ে নিতে হলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হবে। এজন্য বিচারক ও আইনজীবীদের একসঙ্গে কাজ করা আহবান জানান তিনি।

তিনি কুমিল্লার রাস্তা-ঘাট ও আদালতের দুরবস্থার বিষয়ে বলেন, ১৯৮২ সালে কুমিল্লার যে অবস্থা দেখেছি ২০১৬ সালে একই অবস্থা দেখছি। আমাদের সিলেটের গ্রামের রাস্তা-ঘাট থেকেও কুমিল্লার অবস্থা খারাপ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কাজ প্রত্যক্ষ করেন।

এছাড়া আদালতের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে কুমিল্লার আদালতের বিচারকদের নিয়ে আয়োজিত সম্মেলনে যোগদান করেন।

আইনজীবী সমিতির সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সফিকুল আলম।

আরো বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সৈয়দ আবদুল্লাহ পিন্টু, আ হ ম তাইফুর আলম, কাজী নাজমুস সাদত, অতিরিক্ত পিপি গোলাম ফারুক, কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম প্রমূখ।

এসএম