সৌদি আরবের মিনায় পদপিষ্ট হয়ে নিহত ৭৬৯ হাজির মধ্যে ৬৫০ জনের ছবি প্রকাশ করেছে সে দেশের কর্তৃপক্ষ। এদের মধ্যে তিন বাংলাদেশি রয়েছেন।
রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ওই তিন বাংলাদেশি হলেন- খুলনার মোহম্মদ শহীদুল ইসলাম ও সাভারের আমিনুর রহমান। এছাড়া আরো এক বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। কিন্তু তার পরিচয় পাওয়া যায়নি।
এ ছাড়া ফিরোজা খানম নামে আরেকজনের নিহত হওয়ার খবর তার পরিবার নিশ্চিত করেছে। তবে প্রকাশিত ছবির মধ্যে তার ছবি পাওয়া যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, নিহত হওয়া বাংলাদেশিদের সংখ্যা এখনও নিরুপিত করা যায়নি। রোববার অথবা সোমবার বাকিদের ছবি প্রকাশ করতে পারবে বলে আশা প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। সম্ভাব্য বাংলাদেশিদের ছবি মক্কায় বাংলাদেশ হজ মিশনে টাঙিয়ে দেয়া হয়েছে। হজ এজেন্ট, আত্মীয়-স্বজন ও পরিচিতরা তাদের ছবি শনাক্ত করেছে।
এ ছাড়া আহতদের মধ্যে কতজন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। নিখোঁজ হাজিদের বিষয়ে জানাতে তাদের সঙ্গী, আত্মীয়, হজ গাইড ও এজেন্টের উল্লিখিত নম্বরে যোগাযোগ অনুরোধ জানানো হয়েছে। নম্বরগুলো হলো- ০০৯৬৬(০) ৫৩৭৩৭৫৮৫৯ ও ০০৯৬৬(০) ৫০৯৩৬০০৮২।
হজের আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে বৃহস্পতিবার মক্কার অদূরে মিনায় শয়তানের স্তম্ভে (প্রতিকী) পাথর ছুড়তে যাওয়ার পথে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।
সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শনিবার জানানো হয়েছে, পদপিষ্টের ঘটনায় এ পর্যন্ত ৭৬৯ হাজি নিহত আরও অন্তত ৯৩৪ জন আহত হয়েছেন।
কেএইচ





