[b]ঢাকা:[/b] বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তিপূর্ণ সম্পর্ক রয়েছে দাবি করে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ বলেছেন, এ সম্পর্ক আরও ভালো করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ভারত সব সময় বাংলাদেশের বিশ্বাসী অংশীদার ও বন্ধু। এই অংশীদারি সমতাভিত্তিক।
শনিবার দুপুরে রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ভারত সরকারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার সন্তান ও উত্তরাধিকারদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পঙ্কজ সরণ আরো বলেন, আমরা একে অন্যের কাছ থেকে শিখতে পারি। আরও ভালো বোঝাপড়ার জন্য মতবিনিময় করতে পারি। যা প্রমাণ করবে দক্ষিণ এশিয়ার মধ্যে দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ একসঙ্গে কিভাবে কাজ করতে পারে ও প্রতিবেশী অঞ্চল গড়ে তুলতে পারে।’
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে তরুণ প্রজন্মকে আরও ভালো শিক্ষা ও নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাঁদের সন্তানদের এই বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে পর্যাপ্ত শিক্ষিত ও দক্ষ জনশক্তি পেতে এবং বাংলাদেশের লক্ষ্য অর্জন ও চ্যালেঞ্জ মোকাবিলায় এটা সাহায্য করবে।
অনুষ্ঠানে ঢাকা বিভাগের ৩০ শিক্ষার্থীকে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, ভারত সরকার এ বছর উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে এক হাজার ৩৬৪ জন মুক্তিযোদ্ধার সন্তান, এমন শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে।