[b]মাদ্রিদ:[/b] ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে লা লিগায় সেল্টা ভিগোকে সোমবার ৩-০ গোলে হারিয়েছে শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা থেকে পাঁচ পয়েন্ট কমে তৃতীয় স্থানে আছে মাদ্রিদের ক্লাবটি।
সানতিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে করিম বেনজেমা প্রথম গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। এরপর ম্যাচের শেষের দিকে রোনালদো দ্রুত দুই গোল করলে মাদ্রিদের জয় নিশ্চিত হয়।
প্রায় ঘন্টাখানেকের বেশি সময় ম্যাচে কোন গোল না হওয়ায় রিয়াল বস কার্লো আনচেলত্তি কাঙ্ক্ষিত গোলের আশায় ইন-ফর্ম স্ট্রাইকার গ্যারেথ বেল এবং জেসে রদ্রিগেজকে মাঠে নামান। এরপরই ইতালিয়ান কোচকে স্বস্তি এনে দেন বেনজেমা। ৬৭ মিনিটে রদ্রিগেজকে পাস থেকে বেনজেমা গোলখরা কাটিয়ে রিয়ালকে এগিয়ে দেন।
এরপর ডানি কারভায়ালের ক্রস থেকে ৮২ মিনিটে নিজের প্রথম গোল করেন রোনালদো। আর স্টপেজ টাইমে বেলের সহযোগিতায় করেন দ্বিতীয় গোল।
তবে ম্যাচ শেষে আনচেলত্তি অকপটেই স্বীকার করেছেন দুই সপ্তাহের প্রতিযোগিতামূলক লড়াইয়ের বাইরে থাকার পরে এটি তার দলের সেরা পারফরমেন্স ছিল না। তিনি বলেন, ‘আমরা আজ ভাল খেলতে পারিনি। বিশেষ করে প্রথমার্ধ মোটেই আশানুরূপ ছিল না। আমাদের খেলার মধ্যে ধীরগতি ছিল। কিন্তু বিরতির পরে আমরা আস্তে আস্তে ছন্দ ফিরে পাই। দ্বিতীয়ার্ধে আমাদের আক্রমণ ছিল দ্রুতগতির এবং শেষ পর্যন্ত আমরা ম্যাচের আবহ ধরে রাখতে পেরেছিলাম।’
এদিকে সফরকারীরা প্রথমার্ধ বেশ উপভোগ করেছে। ম্যাচ শুরুর প্রথম পাঁচ মিনিটের মধ্যে সেল্টার স্ট্রাইকার চার্লস মাদ্রিদ রক্ষণভাগে বিশাল ফাঁক পেয়েও গোল করতে ব্যর্থ হন। ২০ মিনিট পর্যন্ত রিয়াল সেভাবে কোন আক্রমণ চালাতে পারেনি। ২৩ মিনিটে বেনজেমার এবং কিছুক্ষণ পরে লুকা মোদ্রিকের শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর সেল্টার পক্ষে বোয়া ওবিনা আবারো একটি দারুণ সুযোগ নষ্ট করেন। অ্যালেক্স লোপেজের ক্রস থেকে তার হেড মাদ্রিদের পোস্ট ঘেসে বাইরে চলে যায়।
বিরতি সময় মধ্যমাঠে জাবি আলোনসোর পরিবর্তে আসিয়ের ইলারামেন্ডিকে নামানো হলে তা আনচেলত্তির জন্য আরো সমস্যার সৃষ্টি করে। এরপর আনচেলত্তি ২০ বছর বয়সী জেসেকে নামাতে বাধ্য হন। এর দুই মিনিট পরেই ডি মারিয়ার পরিবর্তে বেলকে নামানো হয়।
আর এই দুটি পরিবর্তনের সুফলও সাথে সাথেই পেয়ে যায় স্বাগতিকরা। জেসের লো ত্রস থেকে বেনজেমা প্রথমে দলকে এগিয়ে দেন। এরপর রোনালদোর শট গোলের ঠিকানা খুঁজে পেলে রিয়ালের জয় সময়ের ব্যপার হয়ে দাঁড়ায়। স্টপেজ টাইমে বেলের ক্রস থেকে রোনালদো মৌসুমের ২৯তম গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন।