বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমীর নূরুল ইসলাম বুলবুলসহ গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

দলের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী এম আলাউদ্দিন আরমান স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ তথ্য জানানো হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে নেতৃবৃন্দকে সাঁজানো দু’টি মামলায় অন্যায়ভাবে প্রদত্ত ৬ দিনের রিমান্ড বাতিল ও মুক্তির দাবী জানানো হয়।

আজ (রোববার) সকাল ১০টায় বিক্ষোভ মিছিলটি রাজধানীর খিলগাঁও রেলগেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার বিরোধী দল দমনের জন্য বিরাজনীতিকরণের পথ বেছে নিয়েছে। ফলে তারা অন্যায়ভাবে ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলসহ জামায়াত নেতা কর্মীদেরকে গ্রেফতার করছে। অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মিথ্যা মামলায় প্রদত্ত রিমান্ড বাতিল করে তাদের মুক্তি দিতে হবে। অন্যথায় মুক্তিকামী মানুষ গণ-আন্দোলনের মাধ্যমে নেতৃবৃন্দকে মুক্ত করে নিয়ে আসবে।

তারা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, জামায়াত নেতৃবৃন্দের সাথে যদি কোন অন্যায় আচরণ করা হয় তাহলে সরকারকে উপযুক্ত জবাব দিতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, সরকার ইতোমধ্যেই দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। তারা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। রাজনৈতিক দল ও সকল নাগরিকের রাজপথে রাজনৈতিক কর্মসূচী পালন সাংবিধানিক অধিকার হলেও সরকার বিরোধী দল ও জনগণকে সে অধিকার থেকে বঞ্চিত করছে। এমনকি বিরোধী দলের ঘরোয়া বৈঠকগুলোকে গোপন বৈঠক আখ্যা দিয়ে নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ডের নামে নির্মম ও নিষ্ঠুর নির্যাতন চালানো হচ্ছে। বছরের পর বছর নেতাকর্মীদের কারাগারে আটক রেখে দেশেকে রাজনীতিমুক্ত করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পায়তারা চালানো হচ্ছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, কামাল হোসেন, মহানগরী শূরা সদস্য সগীর বিন সাঈদ, জয়নাল আবেদিন, আমিনুর রহমান, মতিউর রহমান, নিজামুল হক নাঈম, আবু আব্দুল্লাহ, মুহিবুল্লাহ ফরিদ, মাহবুবুর রহমান, হাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আশরাফুল আলম ইমন, শাহিন আহমেদ খান, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্ব সভাপতি সোহেল রানা মিঠু, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ছাত্রনেতা মাসুম তারিক, জামায়াতের মতিঝিল থানা সেক্রেটারী মুতাসিম বিল্লাহ, সবুজবাগ থানা সেক্রেটারী আব্দুল বারি, রমনা দক্ষিণ থানা সেক্রেটারী আব্দুস সাত্তার সুমন, কদমতলী থানা সেক্রেটারী মনির হোসেন, ডেমরা থানা সেক্রেটারী এম. আলী হোসেন, ছাত্রনেতা যোবায়েরসহ নেতৃবৃন্দ।

কেবি