জয়পুরহাট সদর উপজেলার সীমান্তবর্তী পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে ভারতীয় বিএসএফ-এর গুলিতে একজন বাংলাদেশী নিহত ও ৪ জন আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে শনিবার এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন,আমরা গভীর পরিতাপের সাথে লক্ষ্য করছি যে, প্রতিবেশী ভারতের বিএসএফ যখন তখন বাংলাদেশী নিরীহ জনগণকে গুলি করে হত্যা ও আহত করছে। দফায় দফায় দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী এবং দুই দেশের কর্তৃপক্ষের মধ্যে বহু বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবারই ভারত সীমান্ত হত্যা বন্ধের আশ্বাস দিয়ে থাকে। কিন্তু এত সব আশ্বাসের পরেও বাংলাদেশের সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশের নিরীহ জনগণকে হত্যা করার এই নৃশংসতা থামছে না।
দুঃখজনকভাবে গত ১৮ সেপ্টেম্বর ভারতীয় বিএসএফ জয়পুরহাট সদর উপজেলা সীমান্তে বাংলাদেশী নিরীহ কৃষক সায়েম উদ্দিনকে গুলি করে হত্যা এবং অপর ৪ জনকে আহত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জামায়াত নেতা আরো বলেন, বাংলাদেশের জনগণের প্রশ্ন আমাদের সরকার ও সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি এখন কোথায়? তাদের কাজ কি? বিজিবি-এর কাজ কী শুধু সরকারের প্রতিপক্ষ রাজনৈতিক দলসমূহের নেতা-কর্মীদের উপর কাপুরুষোচিত হামলা, দমন-পীড়ন ও নির্যাতন চালানো?
ডা. শফিকুর রহমান বলেন, আমরা সুস্পষ্টভাবে সরকারকে বলতে চাই, সীমান্তের জনগণসহ বাংলাদেশের সকল নাগরিকের জানমালের নিরাপত্তা বিধান ও স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করা এবং সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে নাগরিক হিসেবে ন্যায্য অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করুন এবং জনগণের উপর সকল প্রকার দমন-পীড়ন বন্ধ করুন।
দেশের জনগণ কোন স্বৈরাচারী শাসকের দায়িত্বহীনতা, দাম্ভিকতা, স্বেচ্চাচারিতা এবং কোন রাজনৈতিক নিপীড়নকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে না। যেহেতু এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, সে কারণে এই সরকারের পক্ষে জনগণের সমস্যা সমাধান করাও সম্ভব নয়। ব্যর্থ এই সরকারকে নিরপেক্ষ, নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য আহবান জানাচ্ছি। অবিলম্বে সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।
আমি ভারতীয় বিএসএফ-এর গুলিতে নিহত জয়পুরহাট সদর উপজেলার কৃষক সায়েম উদ্দিনের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং নিহত ও আহতদের সকলকে উপয্ক্তু ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”
এআর





