রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার সাথে সাবেক ও বর্তমান কিছু সরকারি কর্মকর্তাদের সাথে রূদ্ধধার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে কি বিষয়ে বৈঠক চলছে এ বিষয়ে কেউ কোনো কথা বলেনি।

রাত সোয়া ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'কোনো সাবেক বা বর্তমান সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক হয়নি।'

চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব এমএ হালিম বলেন, ‘এখানে আমাদের সিডিউল কোনো বৈঠক ছিল না। নিয়মিত যেমন আসি তেমনি আমরা ম্যাডামের সঙ্গে দেখা করেছি।’

এসময় বৈঠকে কারা উপস্থিত ছিলেন সে বিষয়ে জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানান।

এখানে সচিবদের নাকি বৈঠক হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমিও তো সচিব। কই না তো, এমনতো কোনো বৈঠকের খবর জানি না। না, ওইরকম কিছু ‍ছিল না।’

 বৈঠক শেষে বেরিয়ে যাওয়া একজনের কাছে নাম জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আপনাকে আমি নাম বলবো কেন?’

 অন্তত ২০ জন কর্মকর্তা এ বৈঠকে উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন  সড়ক ও জনপদ মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির, স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান, জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্মসচিব একেএম জাহাঙ্গীর,

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের ইব্রাহিম মিয়াজি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পিও তৌহিদুল ইসলাম, বন ও পরিবেশ মন্ত্রনালয়ের  প্রশাসনিক কর্মকর্তা বদিউল কবির, বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব এহসানুল হক, পাঠ মন্ত্রনালয়র প্রশাসনিক কর্তকর্তা নূরুল ইসলাম।

এছাড়া বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ এস এম আবদুল হালিম, সাবিহ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার মুহম্মদ হায়দার আলী, এম এ কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

 ইআর